দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিজেদের দুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে আবারও পয়েন্ট হারাল সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছে হারের পর এবার লা লিগায় জিরোনার বিপক্ষে ড্র করে মাঠ ছাড়তে হলো লস ব্লাঙ্কোসদের।
দ্বিতীয়ার্ধে লিড নেওয়ার পরও তা ধরে রাখতে পারেনি কার্লো আনচেলত্তির দল। ম্যাচ শেষ হয় ১-১ সমতায়। এর আগে সর্বশেষ লা লিগা ম্যাচে মায়োর্কার কাছেও হেরেছিল রিয়াল, ফলে শিরোপা দৌড়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান আরও বেড়ে গেছে।
বর্তমানে ৩১ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৭০। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। আজ (শনিবার) এস্পানিওলের বিপক্ষে জয় পেলে ব্যবধান বেড়ে ৯ পয়েন্টে পৌঁছাবে, যা শিরোপার লড়াইকে আরও একপেশে করে তুলতে পারে।
জিরোনার বিপক্ষে ম্যাচে বল দখলে আধিপত্য থাকলেও ফিনিশিংয়ে ব্যর্থতা ভোগায় রিয়াল। ৬১ শতাংশ বল দখলের পাশাপাশি ২২টি শট নেয় স্বাগতিকরা, যার ৯টি লক্ষ্যে ছিল। জিরোনার ১০ শটের মধ্যে লক্ষ্যে ছিল ২টি।
৫১ মিনিটে ফেডেরিকো ভালভার্দের গোলেই এগিয়ে যায় রিয়াল। ব্রাহিম দিয়াজের পাস থেকে তার জোরালো শট প্রতিপক্ষ গোলরক্ষক স্পর্শ করলেও আটকাতে পারেননি। তবে ৬২ মিনিটে বক্সের বাইরে থেকে থমাস লেমারের দুর্দান্ত শটে সমতায় ফেরে জিরোনা।
ম্যাচের শুরু থেকেই একাধিক সুযোগ তৈরি করলেও ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে ফিনিশিংয়ে ব্যর্থ হন। জিরোনা গোলরক্ষক পাওলো গাজানিগাও কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে রাখেন।
লিড পাওয়ার পরও ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে পারেনি রিয়াল। গোল হজমের পর আক্রমণের ধার কমে যায় এবং শেষ পর্যন্ত জয় তুলে নিতে না পারায় নিজেদের মাঠেই সমর্থকদের দুয়োর মুখে পড়তে হয় মাদ্রিদের ক্লাবটিকে।
এমএস/